এবার চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রংপুরে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনার পর এবার মাগুরায় চোর সন্দেহে সজল হোসেন মোল্যা (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে ২৭ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহত সজল সদর উপজেলার আলাইপুর গ্রামের শরিয়ত মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সজলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় নানা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত রবিবার সকালে আলাইপুর গ্রামের আলতাফ হোসেনের বাড়ি থেকে ৭ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনার পর স্থানীয়রা রবিবার সন্ধ্যায় সজল হোসেনকে আটক করে আলাইপুর স্কুলমাঠে নিয়ে গণপিটুনি দেন। বিষয়টি জানতে পেরে মাগুরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, সজল মোল্যার নিহতের ঘটনায় গতকাল সোমবার ২৭ জনকে আসামি করে তার বাবা সদর থানায় মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত যুবক সজল চুরিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।