ডাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ আজ থেকে

ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল আকাক্সিক্ষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সর্বশেষ খসড়া তালিকায় গত বছর ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত, ৫ আগস্ট-পরবর্তীতে শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের সবাইকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম, যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীদের মনোনয়ন ফর্ম কিনতে খরচ হবে

যথাক্রমে ৩০০ ও ২০০ টাকা। এর আগে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ৩০ জুলাই ৩৯ হাজার ৯৩২ শিক্ষার্থীসংবলিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সে তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের ১১৭ নেতার নাম উঠে আসে। গত বছর ১৫ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। এ তালিকায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত সাতজন এবং মামলার ২৭ আসামিও রয়েছেন, যাদের মধ্যে দুজন বর্তমানে কারাগারে।

শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকাদের চিহ্নিত করতে জুলাই অভ্যুত্থানের পরে সব হলে ব্যাচভিত্তিক তালিকা করে সর্বসম্মতিক্রমে অবাঞ্ছিত ঘোষণা করেছিল সাধারণ শিক্ষার্থীরা। ওই বছরই ২১ অক্টোবর ওই হামলার ঘটনায় শাহবাগ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার একটি মামলা করেন। পাশাপাশি প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়ের তদন্তের মাধ্যমে গত মার্চে ১২৮ জনকে বহিষ্কার করে। তবে তালিকাটি অসম্পূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের সমালোচনার মুখে আরেকটি উচ্চ কমিটি করা হয়। সেই কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি।

চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্তদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জসীম উদ্দিন। তিনি বলেন, আমরা ১৫ জুলাই হামলায় জড়িতদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি। এরপরও যদি তথ্য-প্রমাণসহ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদেরও তালিকা থেকে বাদ দেওয়া হবে।

এদিকে আজ (১২ আগস্ট) প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম ছাড়া হচ্ছে। আজ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। হল সংসদের প্রার্থীরা ২০০ এবং কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা ৩০০ টাকা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন থেকে বলা হয়, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয়তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস থেকে প্রার্থীকে সশরীরে সংগ্রহ এবং ১৯ আগস্ট বেলা ৩টার মধ্যে দাখিল করতে হবে। একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের হল রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রার্থীকে সশরীরে সংগ্রহ ও দাখিল করতে হবে।

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা হল সংসদের প্রার্থীদের জন্য ২০০ এবং কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের মনোনয়ন ফরম বাবদ ৩০০ টাকা নির্ধারণ করেছি। প্রার্থীরা ১৮ আগস্ট পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীদের সংগ্রহকৃত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বেলা ৩টা পর্যন্ত। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ২০ আগস্ট। প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ২১ আগস্ট দুপুর ১টায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। এরপর ২৬ আগস্ট বিকেল ৪টায় প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। ভোট গণনা এবং ফল প্রকাশও ওইদিনই, অর্থাৎ ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সম্পন্ন হবে। হল সংসদের ফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসুর ফল সিনেট ভবনের সভাকক্ষে ঘোষণা করা হবে। এবার নির্বাচনে পরিচয়পত্র পে সিøপ ছাড়া কেউ ভোট দিতে পারবেন না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন।

নির্বাচন পেছানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত সঠিক পথে সঠিক সময়ে এগোচ্ছি। নির্বাচন ঘোষিত দিনেই অনুষ্ঠিত হবে।

এবারই প্রথম আবাসিক হলের বাইরের ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কার্জন হল কেন্দ্রে ভোট প্রদান করবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, অমর একুশে এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন রোকেয়া, শামসুন নাহার ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে নির্ধারিত হয়েছে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের ভোটদান। সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন স্যার এএফ রহমান, হাজী মুহম্মদ মহসীন এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা। এ ছাড়া উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মাস্টার দা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান ও কবি জসীমউদদীন হলের শিক্ষার্থীদের জন্য।