রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল সোমবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলার বাদীরা সাক্ষ্য দেন। সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করেছে।
শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাহউদ্দিন, পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, জয়সহ ১৭ জনের বিরুদ্ধে মামলার বাদী দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। তিনটি মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। সব আসামি পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
গত ৩১ জুলাই পূর্বাচল নতুন শহর প্রকল্পের ছয়টি প্লট নিয়ে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার দুটি পৃথক বিশেষ জজ আদালত। একই সঙ্গে তিনটি মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১১ আগস্ট দিন ধার্য করা হয়। বাকি তিনটি মামলার সাক্ষ্যগ্রহণ হবে ১৩ আগস্ট। এই তিন মামলার বিচার প্রক্রিয়া চলবে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ।
শেখ পরিবারের বাইরে আরও ১৬ জন আসামি
মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
গত ডিসেম্বরে দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরু করে। এরপর ১২ জানুয়ারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক। পরদিন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে মামলা করা হয়। ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। এই ছয়টি মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে কেউ কেউ একাধিক মামলার আসামি। সব মিলিয়ে ছয়টি মামলায় আসামির সংখ্যা ২৩ জন।