মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পর মিজান শেখ (৪৫) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। এ ঘটনায় নুরুল আমীন ওরফে শামিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টু এর বাড়ির ভিতরে মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মিজান উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে।
নুরুল আমীন শামিম শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের গোমস্তাকান্দি এলাকার হাসেম শেখের ছেলে। তাকে কুস্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ৩১ জুলাই সকাল ৯টার দিকে মিজান তার ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে তিনি বাড়িতে না ফেরায় তার স্ত্রী রহিমা বেগম গত ১ আগস্ট শিবচর থানায় একটি নিখোঁজ জিডি করেন। পরে থানা পুলিশ ভিকটিমের মোবাইল ফোন নাম্বারে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিন ওরফে শামীম নামে একজনকে কুস্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। আজ সকালে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদেরের নেতৃত্ব পুলিশের একটি দল আসামির দেখানো এবং ভিকটিমের ভাগিনা সুজাত বেপারীর সনাক্ত মতে ভিকটিম মিজানের লাশ শিবচর থানাধীন বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টু এর বাড়ির ভিতরে মাটি চাপা অবস্থায় উত্তোলন করা হয়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের বলেন, গত ৩১ জুলাই শিবচর পৌর এলাকার মধ্যে থেকে মিজান শেখ নিখোঁজ হলে তার স্ত্রী জিডি করেন। পরে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করি। পরে তাকে মোবাইল ফোনে যিনি ডেকে নেন তাকে খুঁজতে থাকলে তিনি পালিয়ে যান। পরে আমার নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও র্যাব অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার কুমার খালি থেকে শামিমকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িতদের খোঁজা হচ্ছে।