ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামে নিজ বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাত ১০টার দিকে গ্রামের একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হন সাম্মত আলী। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে বাড়ির পেছনের ডোবার জঙ্গলের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে আবদুর রহমান জানান, প্রতিবেশী আজিজুল হক ও তার স্বজনদের সঙ্গে জমি নিয়ে সাম্মত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি ওই মামলায় তার বাবার পক্ষে আদালতের রায় আসে। এ বিরোধের জের ধরে তার বাবাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন পরিবারের সদস্যরা।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, সাম্মত আলী দুই দিন আগে নিখোঁজ হন। শনিবার সকালে বাড়ির পেছনের ডোবা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকেও কয়েকজনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।