গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমী পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জাহিদুল ইসলাম (৫৫) ও শিশু রাফি ইসলাম (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মৌসুমী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন যাত্রীর মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুই জন মারা গেছেন, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করা হচ্ছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছে।