নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল সদর উপজেলায় টিউবওয়েলের পাশে রাখা বালতির পানিতে ডুবে নাঈমা নামে ১৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের জঙ্গলগ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

শিশু নাঈমা জঙ্গলগ্রামের বারেক শেখ ওরফে তুফানের মেয়ে। তিনি মালয়েশিয়া প্রবাসী। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু নাঈমা মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিলো। এক সময় পরিবারের লোকজনের অগোচরে শিশুটি খেলার ছলে টিউবওয়েলের পাশে বালতিতে রাখা পানির মধ্যে পড়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস জানান, হাসপাতালে পৌঁছানোর বেশ আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

চন্ডিবরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ ওছিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। শিশুটির পিতা মালয়েশিয়া থাকে।