জর্জিনাকে রোনালদোর দেয়া আংটির দাম কতো?

আট বছরের সম্পর্কের পর অবশেষে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বাগদানের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার (১১ আগস্ট) ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দেন জর্জিনা। পোস্টে নিজের হাতে থাকা বিশাল হীরার আংটির ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "হ্যাঁ, আমি রাজি। এই জীবনেই নয়, আমার সব জীবনে।"

জর্জিনার বাগদানের আংটি

জর্জিনার হাতে থাকা আংটিতে রয়েছে বিশাল এক ওভাল আকৃতির হীরা, যা বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী ওজন ২৫ থেকে ৩০ ক্যারেটের মধ্যে। জুয়েলারি বিশেষজ্ঞ ব্রিওনি রেমন্ডের মতে, ছবির মাধ্যমে সঠিক আকার নির্ধারণ কঠিন হলেও কেন্দ্রের পাথরটি নিশ্চিতভাবেই ১৫ ক্যারেটের বেশি।

দাম কত?

শিল্প বিশেষজ্ঞদের হিসেবে রোনালদোর বাগদানের আংটির মূল্য ২০ লাখ থেকে ৫০ লাখ মার্কিন ডলারের মধ্যে (প্রায় ২২ কোটি থেকে ৫৫ কোটি টাকা)। যদিও এই বিপুল অঙ্কও ইতিহাসের সবচেয়ে দামি তারকাদের বাগদানের আংটির তালিকায় শীর্ষে পৌঁছায় না।

সবচেয়ে দামি তারকা বাগদানের আংটি

গ্রেস কেলি — ৩৮.৮ মিলিয়ন ডলার
১৯৫৬ সালে মোনাকোর রাজপুত্র রেনিয়ের তৃতীয় গ্রেস কেলিকে উপহার দেন ১০.৪৭ ক্যারেটের এমেরাল্ড কাট কার্টিয়ের হীরা। সে সময় দাম ছিল ৪.০৬ মিলিয়ন ডলার, যা আজকের মূল্যে প্রায় ৩৮.৮ মিলিয়ন ডলার।

জ্যাকি কেনেডি ওনাসিস — ২০ মিলিয়ন ডলার
গ্রিক ধনকুবের অ্যারিস্টটল ওনাসিস যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডিকে উপহার দেন ৪০.৪২ ক্যারেটের হ্যারি উইনস্টন ডিজাইনের ‘Lesotho III’। ১৯৯৬ সালে নিলামে বিক্রি হয়েছিল ২.৬ মিলিয়ন ডলারে, যা বর্তমানে প্রায় ২০ মিলিয়ন ডলারের সমান।

মারাইয়া ক্যারি — ১০ মিলিয়ন ডলার
২০১৬ সালে গায়কী তারকা মারাইয়া ক্যারি বাগদান করেছিলেন বিলিয়নিয়ার জেমস প্যাকারকে। ৩৫ ক্যারেটের এমেরাল্ড কাট হীরার আংটি, উইলফ্রেডো রোসাদোর নকশা, দাম ছিল প্রায় ১০ মিলিয়ন ডলার।

মারাইয়া ক্যারির হাতে আংটি

এলিজাবেথ টেলর — ৮.৮ মিলিয়ন ডলার
১৯৬৮ সালে রিচার্ড বার্টন এলিজাবেথ টেলরকে উপহার দেন ৩৩.১৯ ক্যারেটের ‘ক্রুপ’ হীরা। সে সময় দাম ছিল ৩,০৫,০০০ ডলার, যা ২০১১ সালে ক্রিস্টির নিলামে বিক্রি হয় ৮.৮ মিলিয়ন ডলারে।