ভুয়া ভাউচারে সার উত্তোলনের চেষ্টা, যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে ভুয়া ব্যাংক ভাউচার দেখিয়ে সরকারি সার উত্তোলনের চেষ্টার সময় হাসিব আল মামুন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় শহরের সিও কলোনি এলাকার বিসিআইসির বাফার গুদাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসিব আল মামুনের বাড়ি পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামে। তিনি তার বাবার ডিলার পয়েন্টে কাজ করতেন।

জানা গেছে, পাঁচবিবির ডিলার মেসার্স মামুন ব্রাদার্স চালকলের প্রতিনিধি হাসিব আল মামুন সার উত্তোলনের জন্য জনতা ব্যাংক জয়পুরহাট শাখার ৭ লাখ ৫০ হাজার টাকার একটি ভাউচার এবং জনতা ব্যাংক পাঁচবিবি শাখার ৯ লাখ টাকার একটি ভাউচার দেখিয়ে বাফার গুদাম থেকে সার উত্তোলনের চেষ্টা করেন। যাচাই করে দেখা যায়, জয়পুরহাট শাখার ভাউচারটি বৈধ হলেও পাঁচবিবি শাখার ভাউচারটি ভুয়া। সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার জানান, উক্ত নম্বর ও টাকার কোনো ভাউচার সেদিন ইস্যু করা হয়নি।

পরে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও গুদামের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে হাসিব আল মামুন ব্যাংকের সিল এবং সই জাল করে ভুয়া ভাউচার তৈরির বিষয়টি স্বীকার করেন। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।