সাবেক ছাত্রলীগ নেতার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত

পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ফর্ম বিতরণের প্রথম দিনেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। গতকাল মঙ্গলবার প্রথম দিনে ডাকসুর বিভিন্ন পদে প্রার্থী হতে ইচ্ছুক সাতজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে একজন ফরম পূরণ করে জমাও দিয়েছেন। বিষয়টি ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন নিশ্চিত করেছেন। অধ্যাপক জসীম উদ্দিন বলেন, প্রথম দিন ডাকসুর প্রার্থী হিসেবে সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যাদের মধ্যে সহসভাপতি পদে দুজন, আন্তর্জাতিক সম্পাদক পদে এক এবং চারজন সদস্য পদে ফরম নিয়েছেন।

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনেই প্রথম ফরম সংগ্রহ করেছেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী সজীব হোসেন। তিনি কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম তুলেছেন। উচ্ছ্বসিত সজীব বলেন, ‘আমি ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে চাই। তাই এ নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি শিক্ষার্থীরা আমাকে সমর্থন জানাবে।’

এদিকে গতকাল দুপুরের দিকে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থিতার জন্য মনোনয়ন ফরম তুলেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার। বিষয়টি জানাজানি হওয়ার পরই শিক্ষার্থীরা বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। সিজার ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্রলীগের প্রার্থী হিসেবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তবে সিজারের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ ওঠায় এবং শিক্ষার্থীদের ক্ষোভের মুখে ভোটার তালিকা ও প্রার্থিতা দুটি থেকেই তাকে বাদ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। গতকাল বিকেলে সলিমুল্লাহ মুসলিম হল সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার জাওয়াদ ইবনে ফরিদ জুলিয়াস সিজারের নাম ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ দিতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও প্রক্টর সাইফুদ্দীন আহমদের কাছে চিঠি দিয়েছেন।

চিঠির বিষয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, তিনি হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে চিঠি পেয়েছেন। সিজারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ হলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

ভোটার তালিকা হালনাগাদ : গত সোমবার রাতে প্রকাশিত ডাকসুর চূড়ান্ত তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। মোট ভোটারের ৪৭.৫২ শতাংশ ছাত্রী আর ৫২.৪৮ শতাংশ ছাত্র। গত বছর ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে ১৫৭ জন।

ছাত্রী ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোটার ৫ হাজার ৬৪, শামসুন নাহার হলে ৪ হাজার ৮৪, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৩, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৩৪ ও ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪০ জন।

ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ১ হাজার ২৯৫, কবি জসীমউদদীন হলে ১ হাজার ৩০৩, জগন্নাথ হলে ২ হাজার ২২২, শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৬, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ১ হাজার ৯৯৮, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৬২, বিজয় একাত্তর হলে ২ হাজার ২৭, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫১, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৫৭, সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৪, মাস্টারদা সূর্য সেন হলে ১ হাজার ৪৯৯, স্যার এএফ রহমান হলে ১ হাজার ৩৭৭, হাজী মুহাম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০২ জন।

ফরম বিতরণ চলবে ১৮ আগস্ট পর্যন্ত : বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীরা ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা ৩টা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টার সময় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রতিটি ডাকসু ও হল সংসদের মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩০০ ও ২০০ টাকা।

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২০ আগস্ট এবং ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৫ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের পর ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দীর্ঘ প্রতীক্ষিত এ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। এবারই প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন হবে।