সুপ্রিম কোর্টে বিক্ষোভ

খায়রুল হকের শাস্তি চাইলেন আইনজীবীরা

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিচার ও কঠোর শাস্তির দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা। সমাবেশের আগে ফোরামের একদল আইনজীবী মিছিল করেন। এ সময় তারা খায়রুল হকের বিরুদ্ধে স্লোগান দেন। তারা তার বিচার ও ফাঁসির দাবি জানান। সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্রের ধ্বংসকারী। আমরা তার বিচার ও কঠোর শাস্তি চাই। তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সব আইন কর্মকর্তাকে খায়রুল হকের বিরুদ্ধে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ। বক্তারা গত সোমবার হত্যা মামলায় হাইকোর্টে খায়রুল হকের জামিন শুনানিতে ঘটে যাওয়া জ্যেষ্ঠ আইনজীবীদের কঠোর সমালোচনা করেন। এ সময় হাইকোর্টে হট্টগোল ও হইচইয়ের ঘটনায় খায়রুল হকের পক্ষের আইনজীবীদের দায়ী করেন তারা। 

জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় গত সোমবার খায়রুল হকের জামিন শুনানিকে কেন্দ্র করে হাইকোর্টের একটি এজলাসে আইনজীবীদের মধ্যে হট্টগোল, হইচই ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করে। ওই দিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অ্যাটর্নি জেনারেলের বরাতে আদালতকে বলেন, তিনি (অ্যাটর্নি জেনারেল) এ মামলায় শুনানি করবেন এবং এ জন্য এক সপ্তাহ সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে, রাষ্ট্রপক্ষ আদালতকে নির্দেশনা দিচ্ছে এমন অভিযোগ তোলেন খায়রুল হকের আইনজীবীরা। এ নিয়ে দুপক্ষের আইনজীবীদের মধ্যে কথাকাটাকাটির পর একপর্যায়ে হইচই, আর হট্টগোলের ঘটনা ঘটে।