টানা বৃষ্টিতে গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

গাইবান্ধায় বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। এতে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। এদিকেগত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার।

বুধবার (১৩ আগস্ট) গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী গত কয়েকদিনে ভারী বৃষ্টি হওয়াতে জেলার নদ-নদী পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে ১০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট ১৮ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ১৫ সেন্টিমিটার এবং করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর পয়েন্টে ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বুধবার সকাল ৯ টা পর্যন্ত এই পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সব গুলো নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক মোবাইল ফোনে বলেন, টানা বৃষ্টিতে জেলার করতোয়ার, তিস্তা, ঘাঘট ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি  বাড়তে শুরু করেছে। তবে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আপাতত জেলা বন্যা শঙ্কামুক্ত বলে জানান তিনি।