গাইবান্ধায় তিনটি ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে এসআরবি-১৩।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার দিকে ধাপেরহাট এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটাসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবনটির ভেতরে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমার সন্ধান পাওয়া যায়।

পরে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে। এরপর সেগুলো সাদুল্লাপুর থানায় জমা দেওয়া হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার করা বোমাগুলো নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত