বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের জন্য নতুন জেলা আমির মো. আব্দুল করিম ও সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) শহরের দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত জেলা মজলিসে শুরার অধিবেশন ও জেলা আমিরের শপথ গ্রহণের অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন- জেলা নায়েবে আমির, বীর মুক্তিযোদ্ধা ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
পাশাপাশি নবনির্বাচিত আমিরের নেতৃত্বে জেলায় সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গোপালগঞ্জে পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তি দেশের অরাজকতা তৈরি করছে। যা প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নাই। তিনি সরকারের প্রতি জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান।