আড়াইহাজার

সড়ক দুর্ঘটনায় আহতদের বাঁচাতে মানবিক ভূমিকায় ইউএনও

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনের জীবন বাঁচাতে নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেন। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বিশনন্দি ইউনিয়নের তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মদনপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা বিশনন্দি ফেরিঘাটের দিকে যাচ্ছিল। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুইজন পুরুষ নিহত হন।

এ ঘটনায় কুমিল্লার রাবেয়া (৬০), মদনপুর এলাকার সিএনজি চালক আবুল বাশারসহ (৪৫), অজ্ঞাতনামা এক পুরুষ, এক নারী ও এক ১২ বছরের শিশু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। 

এই সংকটময় মুহূর্তে স্থানীয় প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ  ইউএনও মো. সাজ্জাত হোসেনকে ফোনে বিষয়টি জানান। ফোন পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে হাসপাতালে উপস্থিত হয়ে ইউএনও নিজ খরচে চারটি অ্যাম্বুলেন্স ভাড়া করে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঢাকা মেডিকেলে নেওয়ার পর আরও দুইজন মারা যান। তবে বাকি তিনজন চিকিৎসাধীন এবং আগের চেয়ে ভালো আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ইউএনও মো. সাজ্জাত হোসেন বলেন, “মানবিক দায়িত্ব থেকেই আমি দ্রুত হাসপাতালে গিয়েছি। তখন আহতদের জীবন বাঁচানোই ছিল প্রধান কাজ। আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

স্থানীয়রা ইউএনওর এই উদ্যোগকে সময়ের সঠিক সিদ্ধান্ত’ এবং প্রশংসনীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন।