চট্টগ্রামে ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার ঘোষণা মেয়র শাহাদাতের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একচল্লিশ ওয়ার্ডে খেলার মাঠ ও শিশু পার্ক  গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, একটি শহর শুধু সড়ক, ভবন ও বাজার দিয়ে গড়ে ওঠে না; শহরকে প্রাণবন্ত করে তার মানুষ, বিশেষ করে শিশু-কিশোর প্রজন্ম। তাই আমি চাই প্রতিটি ওয়ার্ডে এমন খেলার মাঠ থাকুক, যেখানে শিশুরা মুক্তভাবে দৌড়াতে পারবে, খেলতে পারবে, হাসতে পারবে।

বুধবার (১৩ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (মেডিকেল স্টাফ কোয়ার্টার) নতুন খেলার মাঠ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, “খেলাধুলা শারীরিক সক্ষমতা বাড়ায়, দলবদ্ধভাবে কাজ শেখায় এবং নৈতিকতা গড়ে তোলে। নগরের সব শিশু যেন সমানভাবে খেলাধুলার সুযোগ পায়, সেটাই আমাদের লক্ষ্য।” 

পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “শিশুরা যদি ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলে, তাহলে তারা বড় হয়ে দায়িত্বশীল নাগরিক হবে। খেলাধুলা, স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত পড়াশোনা এই তিনটি বিষয়ই তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করবে।”