রাজধানীর ডেমরা ধার্মিকপাড়া এলাকায় ট্রাক উল্টে পানিতে ডুবে রাসেল শিকদার (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করে ডুবুরিরা। পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক সুমন জানান, বুধবার রাত আনুমানিক ২টার দিকে একটি ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। পানিতে তলিয়ে যায় ট্রাকের উপরে শুয়ে থাকা ওই দিনমজুর। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে পানি থেকে উদ্ধার করে।
এসআই আরও জানান, ইট বোঝাই করে ট্রাক নিয়ে তারা ডেমরা কোনাপাড়া থেকে নন্দিপাড়ার দিকে যাচ্ছিলেন। তবে ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে।
নিহত রাসেল সিকদারের ভাই আসাদুল ইসলাম সিকদার জানান, তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামে। রাসেল বর্তমানের ঢাকার কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় থাকতেন।