ঢাকার ডেমরায় সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে স্টাফ কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন (৩৫) নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা, পেশায় গাড়িচালক।
পথচারী মতিন ও নিহতের স্বজনরা জানায়, ভোরে স্টাফ কোয়ার্টার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কামাল হোসেন। এসময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারী ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
