ইরানে পারমাণবিক স্থাপনা নির্মাণে ইতিবাচক সাড়া রাশিয়ার

ইরানের ভূখণ্ডে ছোট মডুলার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (এনপিপি) নির্মাণ নিয়ে রাশিয়ার সঙ্গে তেহরানের আলোচনা চলমান রয়েছে। চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে এ উদ্যোগ এগিয়ে চলছে বলে জানিয়েছেন রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সি লিখাচেভ।

রুশ বার্তা সংস্থা তাসের উদ্ধৃতি দিয়ে ইরানের আধা–সরকারি সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, আলেক্সি লিখাচেভ আলোচনার অগ্রগতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ধরনের আলোচনা চলছে। আমি আশা করি খুব শীঘ্রই একটি চুক্তি সম্পন্ন হবে।’

তিনি আরও জোর দিয়ে উল্লেখ করেন, রাশিয়া সব সময়ই ইরানের পারমাণবিক ইস্যু সমাধানের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রেখেছে। যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে পারমাণবিক কার্যক্রম পরিচালনায় তেহরানকে প্রযুক্তিগত ও কূটনৈতিক সহায়তা প্রদানেও মস্কোর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকির পর তেহরান জানিয়েছে, এ পরিস্থিতি ঠেকাতে তারা চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমরা এটি প্রতিরোধ করার চেষ্টা করব।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা এটি বন্ধ করার জন্য চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছি। যদি এটি কাজ না করে এবং তারা নিষেধাজ্ঞা প্রয়োগ করে, তাহলে আমাদের প্রতিক্রিয়া জানানোর মতো ব্যবস্থা রয়েছে।’