পুতিনের কাছে মাথা নত না করলে ট্রাম্পকে নোবেল দেওয়ার প্রস্তাব হিলারির

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১১:১২ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে তার শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা ভ্লাদিমির পুতিনের কাছে আত্মসমর্পণের সমতুল্য না হয়।

‘রেজিং মডারেটস’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে হিলারি মন্তব্য করেছেন, আলাস্কার আসন্ন শীর্ষ বৈঠক একটি গুরুত্বপূর্ণ ‘সুযোগ’ প্রদান করছে। তিনি বলেন, “সত্যি বলতে, যদি ট্রাম্প এই ভয়াবহ যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম হন এবং তা এমনভাবে ঘটে—যাতে ইউক্রেনকে আক্রমণকারী পক্ষ কোনো ভূখণ্ড ছাড়তে না হয়। যদি তিনি (ট্রাম্প) সত্যিই পুতিনের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন, যা আমরা এখনো দেখিনি, তবে সম্ভবত এ মুহূর্তটাই সেই সুযোগ।”

হিলারি আরও যোগ করেছেন, “যদি প্রেসিডেন্ট ট্রাম্প এই উদ্যোগের স্থপতি হন, আমি তাঁকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেব। কারণ, আমার লক্ষ্য হলো—পুতিনের কাছে আত্মসমর্পণ রোধ করা।”

নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে পরিচয় দেওয়া ট্রাম্প বহুবার শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির ইচ্ছা প্রকাশ করেছেন। এ পুরস্কার ইতিমধ্যেই কয়েকজন মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, যাদের মধ্যে রয়েছেন বারাক ওবামাও।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানীয় সময় আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় অনুযায়ী, বৈঠকটি অনুষ্ঠিত হবে শুক্রবার রাত দেড়টায়। আশা করা হচ্ছে, বৈঠক থেকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত