ইউক্রেন যুদ্ধের মূল কারণ দূর করার আহ্বান পুতিনের

আলাস্কার অ্যাঙ্কোরেজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য সংঘাতের মূল কারণগুলো দূর করা জরুরি।

শুক্রবারের (১৫ আগস্ট) যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “ইউক্রেন পরিস্থিতি মূলত আমাদের নিরাপত্তার মৌলিক হুমকির সঙ্গে জড়িত। আমরা চাই এই সংঘাতের অবসান ঘটুক। তবে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের জন্য শিকড় থেকে সমস্যার সমাধান করতে হবে।”

তিনি বলেন, “রাশিয়ার সব যৌক্তিক উদ্বেগ বিবেচনায় নিতে হবে এবং ইউরোপসহ পুরো বিশ্বে নিরাপত্তার ন্যায়সঙ্গত ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একমত—ইউক্রেনের নিরাপত্তাও নিশ্চিত হওয়া উচিত। আমরা এ বিষয়ে কাজ করতে প্রস্তুত।”

পুতিন আশা প্রকাশ করেন, বৈঠকে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তা শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেবে। তার ভাষায়, “আমি আশা করি, এই চুক্তি আমাদের সেই লক্ষ্যের কাছে নিয়ে যাবে এবং ইউক্রেনে শান্তির পথে অগ্রসর হতে সহায়তা করবে।”

সংবাদ সম্মেলনে পুতিন আরেকটি প্রস্তাব দেন—পরবর্তী বৈঠক যেন রাশিয়ার রাজধানী মস্কোয় হয়। ইংরেজিতে দেওয়া এই প্রস্তাবে ট্রাম্প কিছুটা দ্বিধা প্রকাশ করলেও পুরোপুরি নাকচ করেননি। তিনি বলেন, “এটি একটি আকর্ষণীয় প্রস্তাব, এ নিয়ে কিছু সমালোচনা হতে পারে। তবে এটা সম্ভবও হতে পারে।”

পুতিন বলেন, বৈঠকটি “সম্মানজনক, গঠনমূলক ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ” পরিবেশে হয়েছে। তিনি ট্রাম্পকে আলাস্কায় আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের দেশ সমুদ্র দিয়ে বিচ্ছিন্ন হলেও আসলে আমরা প্রতিবেশী।”

তিনি আরও উল্লেখ করেন, “চার বছর ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো শীর্ষ বৈঠক হয়নি। এই সময় দুই দেশের সম্পর্ক ঠান্ডা যুদ্ধ-পরবর্তী ইতিহাসের সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল, যা আমাদের দেশ ও বিশ্ব কারও জন্যই উপকারী ছিল না। তাই রাষ্ট্রপ্রধানদের সরাসরি সাক্ষাৎ অনেক আগে হওয়া উচিত ছিল।”

সূত্র: সিএনএন, বিবিসি