এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচের স্কোয়াডে মেসি, নামবেন কি মাঠে

ইন্টার মায়ামি ও মেসি ভক্তদের জন্য বড় সুখবর। মাংসপেশির চোট কাটিয়ে দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচের স্কোয়াডে মেসি থাকছেন বলে নিশ্চিত করেছেন কোচ হাভিয়ের মাশচেরানো।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামি কোচ বলেন, 'লিও পুরোপুরি সুস্থ। সে দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করছে এবং আমরা বিশ্বাস করি সে আগামী ম্যাচের স্কোয়াডে থাকবেন।' ইন্টার মায়ামির হয়ে মৌসুমে লিগে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১৮ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন মেসি।

এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশ সময় আগামীকাল অর্থাৎ রবিবার ভোরে।

ইস্টার্ন কনফারেন্সে মায়ামি বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে। ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট। আর এলএ গ্যালাক্সি আছে ওয়েস্টার্ন কনফারেন্সে। ২৫ ম্যাচে ১৬ পয়েন্টে সবার শেষে তাদের অবস্থান।