আমৃত্যু সনাতনীদের পাশে থাকার অঙ্গীকার বিএনপি নেতা আজাদের

ধর্মকে চাপিয়ে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে চুপ করে থাকব না। আমৃত্যু সনাতনী ভাইদের সহযোগিতায় পাশে থাকার অঙ্গীকার করছি বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

পঞ্চগড়ের বোদায় শনিবার (১৬ আগস্ট) সকালে গোবিন্দ জিউ মন্দিরের আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে আধুনিক বাংলাদেশ গড়ে তুলব। সমাজে অনাচার, অত্যাচারের বিরুদ্ধে শান্তির দূত হিসেবে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব হয়েছিল, সনাতনী ভাইদের শ্রী কৃষ্ণের আদর্শকে ধারণ করতে হবে। সকল ধর্মের মানুষের পাশে যেকোনও সহযোগিতায় বিএনপি অতীতের ন্যায় পাশে থাকবে।

সদর ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র শিশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি)  আজিমউদ্দিন বলেন, বোদা থানা পুলিশ সনাতনী ভাইদের নিরাপত্তায় বদ্ধপরিকর, আপনারা নির্ভয়ে সকল আচার অনুষ্ঠান পালন করবেন।

এ সময় পাচপীর ইউনিয়ন চেয়ারম্যান অজয় কুমার, মন্দিরের সহসভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পঞ্চগড় জেলা সদস্য সচিব অন্নদা প্রসাদ, ইঞ্জিনিয়ার শ্যামাপ্রদ উপস্থিত ছিলেন।

এর আগে জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দ জিউ মন্দিরে এসে শেষ হয়। এতে বিপুলসংখ্যক হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ভক্তগণ অংশগ্রহণ করেন।