পঞ্চগড়ের ক্রীড়াঙ্গনে এক সময়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সম্প্রতি পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোরে ফুটবল ও ব্যাডমিন্টন খেলার একাধিক ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়।
৯০ দশকের বোদা ক্রীড়া সংস্থার কয়েকবারের শ্রেষ্ঠ খেলোয়াড় হাসানুজ্জামান লাতু পঞ্চগড়ের সোনালী অতীত স্মরণ করে বলেন, পঞ্চগড় জেলা একসময় খেলাধুলায় ইতিহাস সৃষ্টি করেছিল। এই এলাকার অনেক কৃতি খেলোয়াড় ঢাকা লীগ ও সেকেন্ড ডিভিশনে সাফল্যের সঙ্গে খেলেছে। কিন্তু মাঝে অনেক বছর খেলাধুলায় আমরা পিছিয়ে পড়েছি। এই অবস্থা থেকে উত্তরোণে পানিসম্পদ প্রতিমন্ত্রী নিজেই ভোরবেলা মাঠে উপস্থিত হয়ে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা পরামর্শসহ প্রশাসনিক উদ্যোগ নিয়েছে। যা আমাদের নতুন ও প্রাক্তন ক্রীড়াবিদদের জন্য ভীষণ অনুপ্রেরণার।
স্থানীয় সচেতন মহল ও ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, একজন প্রতিমন্ত্রীর এভাবে মাঠে নেমে সাধারণ মানুষের সাথে খেলাধুলা করা এবং খেলাধুলার অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া জেলার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে এক নতুন বিপ্লব বয়ে আনবে।