চট্টগ্রামে জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা

সমাজকে বারবার দ্বিখণ্ডিত ও বিভাজিত করার চেষ্টা করা হয়েছে : উপদেষ্টা ফারুক ই আজম

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে শনিবার (১৬ আগস্ট) মহাশোভাযাত্রা করেছে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত এ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, আমাদের সমাজকে বারবার দ্বিখণ্ডিত ও বিভাজিত করার চেষ্টা করা হয়েছে। বারবার শুভবুদ্ধি আমাদেরকে একত্রিত করেছে। 

কংসের মতো দূর্জনেরা বারবার  ছলচাতুরী ও শক্তি দিয়ে সমাজের শুভ অবস্থানকে রুখে দেয়ার চেষ্টা করেছে কিন্তু শুভ এবং সত্যের আবির্ভাব, সকলের একত্রিত প্রচেষ্টায় তা রুখা সম্ভব হয়নি।

চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে চারদিন ব্যাপি যে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে সেসকল অনুষ্ঠানে সব ধর্ম ও শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহন করার আহ্বান জানিয়ে তিনি বলেন,  এর মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে শক্তি ও সাহস যোগাবে। এই অনুষ্ঠানে সনাতনী সম্প্রদায়ের যে দাবিসমূহ উত্থাপিত হয়েছে, সে দাবিগুলোকে আরো জোরালোভাবে উত্থাপন করার পরামর্শ দেন তিনি। আগামীতে নির্বাচিত যে সরকার আসবে তারা সনাতনী সম্প্রদায়েরও সরকার হবে এবং ঐ সরকার সনাতনী সম্প্রদায়ের দাবিগুলো বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেন উপদেষ্টা ফারুক ই আজম।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও আশীর্বাদক রবীশ্বরানন্দ পুরী মহারাজ।