শেখ হাসিনার সময়ে বাংলাদেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি নির্বাচিত হলেই এইসব পাচার হওয়া টাকা আবার বাংলাদেশে ফেরত আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, সংস্কারের নামে অনেক রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে চায়। নির্বাচিত সরকার ছাড়া দেশে এক ডলারও বিদেশি বিনিয়োগ আসবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে না। মব সন্ত্রাস করে যে মানুষ হত্যা চলছে তাও বন্ধ করা যাবে না। সুতরাং প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উচিত খালেদ জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তার প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা।
শনিবার বিকেলে বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের সঞ্চালনা করেন। উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, জেলা বিএনপি নেতা মোস্তফা জামান, সরওয়ার জাহান দোলন।
অতিথিদের বক্তব্য শেষে বরুড়া উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট আক্কাস আলী। কাউন্সিল অধিবেশনে একক প্রার্থী থাকায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন কায়সার আলম সেলিম, সিনিয়র সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন কল্লোল ও সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নূরুর নাম ঘোষণা করা হয়।
অন্যদিকে পৌরসভার বিএনপির একক প্রার্থী থাকায় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার সভাপতি, সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র জসিমউদদীন পাটোয়ারী, মো. মফিজুল ইসলাম সাধারণ সম্পাদক, সাবেক পৌর কমিশনার মো. জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ও মোস্তফা জামান হানিফ সাংগঠনিক সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়।