জামালপুরে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির মাধ্যমে সম্মেলন করার উদ্যোগ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের একটি অংশের নেতাকর্মীরা। গতকাল সকালে পৌরশহরের বকুলতলা চত্বরে জেলা বিএনপি ও সব অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদের সভাপত্বিতে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণ চন্দ্র মন্ডলসহ অনেকেই।
এ সময় বক্তরা বলেন, জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ অবৈধ কমিটি আগামী ২৩ আগস্ট সম্মেলন করার তারিখ ঘোষণা করেছে। তৃণমূল বিএনপির নেতাকর্মীরা এই সম্মেলন মানেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটি দেওয়ার দাবি জানান তারা। এ দাবি না মানা হলে সম্মেলন প্রতিহত করার হুঁশিয়ারি দেন বক্তরা।
পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আগামী ২৩ আগস্টের সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ বিষয়ে কথা বলতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।