নাটোরে দুলু

আ.লীগ দ্বারাই হিন্দু সমাজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সবসময় দেশের হিন্দু সমাজকে নিজেদের ভোটব্যাংক মনে করেছে। আবার তাদের দ্বারাই হিন্দু সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দেশে হিন্দু-মুসলিম-খ্রিস্টান সব মানুষ মিলেমিশে বসবাস করে। গতকাল শনিবার নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘২০০১ সালের পর থেকে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। অথচ নাটোরের যত উন্নয়ন সেগুলো আমার হাত দিয়েই হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমপি-মন্ত্রীরা জনগণের জন্য আসা অর্থ লুটপাট করে নিজেরা বাড়ি-গাড়ি করেছেন, সম্পদের পাহাড় গড়েছেন। এভাবেই বাংলাদেশকে পিছিয়ে দিয়েছেন।’

ভূষণগাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ।