গাজীপুরের কালিয়াকৈরে বিলের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া লামিয়া আক্তার নামাশুলাই এলাকার নুর নবীর মেয়ে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নুর নবী শনিবার সকালে বাড়ির পাশে একটি ইটভাটায় তার অটোরিকশাটি রেখে মেরামত করছিলেন। সকাল ৮টার দিকে তার বড় মেয়ে নাদিয়া আক্তার ও ছোট মেয়ে লামিয়া বাবার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু বড় মেয়ে নাদিয়া বাবার কাছে পৌঁছালেও ছোট মেয়ে পৌঁছায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে বিলের পানিতে লামিয়ার লাশ ভেসে ওঠে। পরে ওই বিল থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মোফাখখর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।