বোমা বিস্ফোরণে ডাকাত নিহত গণপিটুনিতে আহত ২

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকাল এলাকাবাসীর ধাওয়া খেয়ে বোমা ছোঁড়ার হাতেই বিস্ফোরিত হয়ে এক ডাকাত নিহত হয়েছে। এ ছাড়া এলাকাবাসীর পিটুনিতে ডাকাত দলের আরও দুই সদস্য আহত হয়। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম চাঁন মিয়া। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে মেঘনা নদী দিয়ে স্পিডবোট ও ট্রলারে করে একদল ডাকাত এসে উপজেলার কলাগাছিয়া বাজার এলাকার বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় ডাকাতদলের এক সদস্য বোমা ছুঁড়লে সেটি তার হাতে বিস্ফোরিত হয়। আহত অবস্থায় সে নদীতে ঝাঁপিয়ে পড়লে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের দুজন আহত হয়। এ ছাড়া অন্যরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।