আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আজ রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
ষষ্ঠ সাক্ষী হিসেবে সবজি বিক্রেতা আব্দুস সামাদ তার জবানবন্দি দেন। তিনি জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হন। আজ আরও কয়েকজন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।
এছাড়া, আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এর আগে, গত ৬ আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সেদিন রিনা মুর্মু ও একেএম মঈনুল হক নামে দুই প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন। এ পর্যন্ত এই মামলায় মোট পাঁচজন সাক্ষী তাদের বক্তব্য রেখেছেন।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।