ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া

বিগত ফ্যাসিস্ট সরকার সেতাবগঞ্জ চিনিকলটি এস আলম গ্রুপকে দিতে চেয়েছিল উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এস আলম ব্যাংক থেকে শুরু করে এই দেশের অর্থনীতিকে খেয়ে ফোকলা বানিয়ে ফেলেছিল। ফ্যাসিবাদের একটা আসল চেহারা দেখা গেছে, রাষ্ট্র ক্ষমতা নানান কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা, মানুষকে বিভাজিত করা, গুম-খুন, জবর দস্তি করে রাখা। এসব কিছুর উদ্দেশ্য ছিল কি ক্ষমতা ব্যবহার করে লুটেপুটে খাওয়া আর বিদেশে পাচার করা। ২৪৩ বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে। ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই লুটেপুটে খাওয়ায়  অনেক মিল, কারখানা বন্ধ হয়েছে, মানুষ সর্বস্বান্ত হয়েছে, জমি হারিয়েছে। আজকে সেই নীতি কি বহাল থাকবে। 

রবিবার (১৭ আগস্ট) দুপুরে জেলার বোচাগঞ্জ উপজেলার শ্রমিক ইউনিয়ন ক্লাবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল চালুর জন্য বরাদ্দকৃত অর্থ অবিলম্বে ছাড় ও দ্রুত সংস্কার কাজ এবং পরবর্তী ধাপে বন্ধ চারটি চিনিকলের দ্রুত সংস্কার কাজ চালুর দাবিতে ছাত্র-কৃষক-শ্রমিক-রাজনীতিবিদ-সর্বস্তরের জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

তিনি বলেন, ঠিক করোনার আগে চিনিকল ও পাটকলগুলো বন্ধ করা হয়েছিল। যাতে করে সে সময় শ্রমিকরা আন্দোলন করতে না পারে। আমরা করোনার মধ্যে সেইগুলোর কারণে প্রতিবাদ করেছি। চিনি ও পাটকলগুলো বন্ধের পেছনে বিগত সরকার লোকসানকে কারণ হিসেবে উল্লেখ করে। কিন্তু এই
প্রতিষ্ঠানগুলো এক সময় লাভজনক প্রতিষ্ঠান ছিল। কিন্তু আজ কেন লোকসান হচ্ছে। কারণ হিসেবে আমরা যেটা পাই এর মধ্যে একটি হলো চরম দুর্নীতি। মূলত এই দেশের যে আমলাতন্ত্র রয়েছে, যেভাবে এগুলো পরিচালিত হয় সেখানে এই দুর্নীতি বাসা বাধছে এবং নানান ধরনের ফাক-ফোকর দিয়ে কিভাবে কতিপয় স্বার্থান্বেষী মহলকে সুবিধা দেওয়া যায়। কিন্তু এর পেছনে একটা কারণ রয়েছে। যেন রাষ্ট্রীয় কল-কারখানাগুলো লাভজনকে না যায়, তাহলে তাদের ব্যক্তিগত ব্যবসায় প্রসার ঘটবে না। ফলে ব্যক্তিগত ব্যবসার প্রসার ঘটাতে গিয়ে নীতিগুলো এমনভাবে নেওয়া হয় এবং সেই নীতিগুলো ফাক ফোকর রাখা হয়, যাতে করে এটাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলা যায়। একসময় এটাকে লোকসানের খাতে পরিণত করা যায়। 

সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপনের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, বাংলাদেশ কৃষক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া।