পেকুয়ায় অস্ত্রসহ দুই যুবক আটক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিশেষ অভিযানে ৩টি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকালে পেকুয়া থানার টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে আঞ্চলিক সড়কে তল্লাশির সময় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। থানার এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বাধীন একটি টিম এ অভিযান চালায়। 

আটককৃতরা হলেন- রবিউল হাসান (১৮) ও হৃদয় হোসেন (২২)। তারা দুজনই লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার লামছড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রবিউল হাসান চকরিয়া উপজেলার বদরখালী এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে চট্টগ্রামমুখী ছিলেন। নিয়মিত তল্লাশির সময় তার কাছে থাকা স্কুল ব্যাগে কম্বলে মোড়ানো ৩টি দেশীয় এলজি উদ্ধার হয়। পরবর্তীতে রবিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হৃদয় হোসেনকে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় আটক করা হয়। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রগুলো মহেশখালী এলাকা থেকে কিনে অজ্ঞাত এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে লক্ষ্মীপুরে নিয়ে যাচ্ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, আটক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন অনুযায়ী মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।