পেকুয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজসহ জিয়া উদ্দিন প্রকাশ হানিফ (২৪) নামে এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকায় পেকুয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে আবুল বশরের ছেলে জিয়া উদ্দিন প্রকাশ হানিফের শয়ন কক্ষের খাটের নীচ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় এ অস্ত্র ও বারুদ উদ্ধার করেন।

তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ভাই ভাই অটো রাইস মিল সংলগ্ন এলাকায় তার মালিকানাধীন ‘রাফসান মোটরস’ নামে একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জিয়া উদ্দিনের কাছে আগ্নেয়াস্ত্র থাকার তথ্য পেয়ে তাকে আটক করে অভিযানে যায় পুলিশ। এ সময় তার দেখানো ঘুমানোর কক্ষ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ যুবকের কাছে অস্ত্র থাকার তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে অভিযানে গেলে তার দেয়া তথ্য মতে শোবার ঘর থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো কী উদ্দেশে এবং কীভাবে তার কাছে এসেছে, এ ব্যাপার জিজ্ঞাসাবাদ করা হবে।

এ ঘটনায় পেকুয়া থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত