পেকুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম

​রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রফিকুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে বিভিন্ন খাদ্যপণ্যে নানা ধরনের ভেজাল দেখা যাচ্ছে। বিশেষ করে দুধে ভেজাল মেশানোর প্রবণতা উদ্বেগজনক। পাশাপাশি মুরগি ও ডিমের ক্ষেত্রেও যেন কোনোভাবেই ভেজাল বা ক্ষতিকর উপাদানের ব্যবহার না ঘটে, সেদিকে সজাগ থাকতে হবে। নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে খামারিদের সর্বোচ্চ সততা বজায় রাখতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বুলবুল আহমেদ এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, স্বরাষ্ট্র মন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক সফয়ানুল করিম।

​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, আজিজ পোল্ট্রির স্বত্বাধিকারী মো. আমিনুল হক, আরাফাত পোল্ট্রির স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন এবং আমিন পোল্ট্রির স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম।

সভায় বক্তারা আধুনিক ও নিরাপদ খামার ব্যবস্থাপনা, পশুপাখির রোগ প্রতিরোধ এবং প্রাণিজ পণ্য রপ্তানিমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত