চট্টগ্রামে পুলিশের উপর হামলাকারী সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে পুলিশের উপর হামলার মামলায় প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) চন্দনাইশ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নগরের বন্দর খালপাড় এলাকা  থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ। 

গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট খালপাড় এলাকায় ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের  নেতাকর্মীরা। খবর পেয়ে সেখানে অভিযানে যান এসআই আবু সাঈদসহ কয়েকজন পুলিশ সদস্য। সেখানে এসআই আবু সাঈদের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ  দেওয়ার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  ওই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন স্থানীয় যুবলীগ নেতা শাকিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”