নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও পোড়ানোর ঘটনার মামলায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল রবিবার দুপুরে শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড এলাকায় তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের একটি দল। গ্রেপ্তার নাসির উদ্দীন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের উপপরিদর্শক রবিউল আলম জানান, বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় রায়পুরা থানার একটি মামলায় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনের নামে ওয়ারেন্ট ছিল। দুপুরে চৈতন্যা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি রাতে চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেয় একদল দুর্বৃত্ত।
দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেয় তারা।