ভারতের মাটিতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টে আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের সাথিরা জাকির জেসিকে। এর আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ম্যাচ পরিচালনা করছিলেন। এবার সিনিয়র পর্যায়ের বিশ্বকাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে জেসিকে দেখা যাবে।
আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে। তবে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। গ্রুপ পর্বে ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ছেলেদের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করে ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। এবার জেসির পালা।
জেসির এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের নারী ক্রিকেট ও আম্পায়ারিংয়ের জন্য নতুন দিগন্ত খুলে দিল। এর আগে তিনি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের মেয়েদের এশিয়া কাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ পরিচালনা করে নজর কাড়েন। ভারতে লেজেন্ডস লিগেও দায়িত্ব সামলেছেন দেশের হয়ে দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা জেসি।
বিশ্বকাপে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ২০২২ সাল থেকে আম্পায়ারিং শুরু করা ৩৪ বছর বয়সী জেসি গণমাধ্যমকে বলেন, ‘অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাব, কিন্তু পাইনি। মনে হয় সৃষ্টিকর্তা আরও বড় কিছু ভেবেছিলেন আমার জন্য। তাই এবার ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেলাম।’