ওষুধের মূল্য নির্ধারণ কমিটি পুনর্গঠন

দেশে ওষুধের মূল্য নির্ধারণে গঠিত কমিটি পুনর্গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১২ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানকে ও সদস্য সচিব হয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার।

রবিবার স্বাস্থ্য সেবা বিভাগের ঔষধ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ১২ ধারা অনুযায়ী এ সদস্যদের সমন্বয়ে ‘ঔষধের মূল্য নির্ধারণ কমিটি’ পুনর্গঠন করা হলো।

কমিটির অন্য সদস্যরা হলেন—বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য সেবা বিভাগের ঔষধ প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক (ভাণ্ডার ও সরবরাহ), রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) গবেষক ড. সাব্বির হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. রেজাউল আজিম।

এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিবের নিচে নয়) এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কনজুমারস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি মনোনীত একজন করে বিশেষজ্ঞ এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।

কমিটির কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, ‘কমিটি ঔষধ ও কসমেটিকস আইন-২০১৩ এর ৩০ ধারা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘ঔষধের মূল্য নির্ধারণ কমিটির সকল সদস্যকে মনোনীত হওয়ার পর দায়িত্ব গ্রহণের সম্মতি প্রদানের সময়েই মনোনয়নকারী কর্তৃপক্ষের অগ্রায়নসহ নির্ধারিত ফরমে এই কমিটির কার্যপরিধির সাথে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে তার কোনো ধরনের স্বার্থ জড়িত নেই মর্মে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে। কোনো বিকল্প সদস্যের সভায় অংশগ্রহণের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হবে।’