তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাসের আপিল শুনানি বুধবার

আগামীকাল বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি হবে। 

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আগামীকাল আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এ মামলার শুনানি চলছে। এর আগে রাষ্ট্রপক্ষ দুই দফায় তাদের বক্তব্য তুলে ধরে।

গত ১ ডিসেম্বর হাইকোর্ট এ মামলার সব আসামিকে খালাস দেয়। রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করে আপিল বিভাগে যায়। এরপর থেকেই আপিলের শুনানি শুরু হয়। ২০১৮ সালে বিচারিক আদালত এ মামলার রায় দেন।

উল্লেখ্য, আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে গত ৫ আগস্ট হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠনের পর ১ ডিসেম্বর সব আসামিকে খালাস দেওয়া হয়।