নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মেহেদি হাসান মিরাজকে পাচ্ছে না বাংলাদেশ। সন্তান সম্ভবা স্ত্রী’র পাশে থাকতে সিলেটে অনুষ্ঠিতব্য এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিতে ছুটি চেয়ে আবেদন করেছেন এই অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘মিরাজকে ছুটি দেয়া হয়েছে, সে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে থাকছে না।' ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি অনুমোদন করা হয়েছে মিরাজের।
টেস্ট এবং ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও টি-টোয়েন্টি দলে ঠিক প্রথম পছন্দ নন মিরাজ। তার জায়গায় বরং কাছাকাছি নামের শেখ মেহেদি হাসানই একাদশে সুযোগ পেয়েছেন বেশি, এমনকি সবশেষ বিশ্বকাপেও। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে মিরাজ জায়গা পেয়েছিলেন সৌম্য সরকারের বদলে, পিএসএল খেলতে পাকিস্তানে থাকার সুবাদে। দেশে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও সিরিজের প্রথম দুই ম্যাচে বসেছিলেন বেঞ্চেই।