বাগাতিপাড়া

রেললাইন ভাঙা পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে গেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ওই অংশে পাটের বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করছে।

গতকাল মঙ্গলবার সকালে লাইন ভাঙা দেখতে পেয়ে তা মেরামতকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। আব্দুলপুর স্টেশন সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা (রাজশাহী সেকশন-১) লাইনে ভাঙা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। পরে ট্রেনগুলোকে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ওই স্থান অতিক্রমের নির্দেশ দেয় রেল কর্তৃপক্ষ। ঘটনার পর ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন এবং ঢালারচর এক্সপ্রেস সতর্কতার সঙ্গে ফাটল ধরা অংশ অতিক্রম করে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, ‘দ্রুত মেরামত শেষ হলে গতি স্বাভাবিক হবে।’