টাঙ্গাইলের কালিহাতীতে মিনি ট্রাকে তুলার বস্তায় গাঁজা বহনকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। তাদের মধ্যে আমিনুল ট্রাকচালক ও বাবু ট্রাকের হেলপার এবং মোজাহিদ মাদক কারবারি। গত সোমবার (১৮ আগস্ট) রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন জানান, গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।