বাংলাদেশের ‘প্রিয়তমা’ দিয়ে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পশ্চিমবঙ্গের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ইধিকা পালের। শাকিব খানের বিপরীতে অভিনয় করা চলচ্চিত্রটি ধুন্ধুমার ব্যবসা করার দরুন টালিউডের নির্মাতারাও ইধিকাকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন। যার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় শুরু করেন ইধিকা। এক দেবের সঙ্গেই তিন ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি।
দেব ছাড়াও টালিউডের আরেক তারকা সোহমের বিপরীতে অভিনয় করেন ইধিকা। ‘বহুরূপ’ শিরোনামের এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৯ আগস্ট। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে চলচ্চিত্রটির ফার্স্ট লুক। এরপর ৮ আগস্ট প্রকাশ পায় ‘বহুরূপ’-এর টিজার। যা দেখে রীতিমতো সম্ভিত হয়ে গিয়েছিলেন দর্শক। শহরে একের পর এক খুন, খুনি একজন বহুরূপ। সোহমের অনবদ্য লুক দেখে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। মুভিতে মোট ৭টি লুকে দেখা দেবেন সোহম আর পুরোপুরি গ্ল্যামার গার্ল হিসেবে দেখা যাবে ইধিকাকে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে অবমুক্ত বরা হয় এর অফিসিয়াল ট্রেলার। এসবি ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট এবং রুক্মিণী ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন আকাশ মালাকার। ছবিটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন ইধিকা পাল। ট্রেলার মুক্তির আগেই শ্যামসুন্দরী মায়ের কাছে পূজা দিতে যান ছবির দুই প্রধান মুখ সোহম-ইধিকা।
সামাজিকযোগাযোগমাধ্যমে শেয়ার করা সেসব ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে একটি সাদা রঙের কুর্তা পাজামা পরে মায়ের কাছে পূজা দিচ্ছেন অভিনেতা সোহম। অন্যদিকে ইধিকা সেজে রয়েছেন একটি লাল রঙের চুড়িদারে। পূজা এবং আরতি দেওয়ার পর এক সঙ্গে দাঁড়িয়ে ভোগ বিতরণ করেন সোহম এবং ইধিকা। তারকা যুগলের কাছ থেকে ভোগ পেয়ে বেজায় খুশি ভক্তরা।