মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই তিনি সমান জনপ্রিয় তৌকীর আহমেদ। অভিনয়ে যেমন সুনাম অর্জন করেছেন পরিচালনাতেও দিয়েছেন মুন্সিয়ানার পরিচয়। মাঝখানে অভিনয় কমিয়ে দিয়ে নাটক ও চলচ্চিত্র নির্মাণ নিয়েই ব্যস্ত হয়ে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা। কিন্তু এত নাম-যশ-খ্যাতি থাকার পরও শোবিজে এখন একেবারেই অনিয়মিত বলা চলে। অনেকদিন ধরেই স্ত্রী অভিনেত্রী বিপাশা ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। মাঝেমধ্যে দেশে ফিরলে কাজ করেন দুয়েকটি। চার বছর আগে ২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায় তাকে। এ সময়ে মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। নাটক নির্মাণের ক্ষেত্রেও ছিল বড় একটা বিরতি।
সর্বশেষ ৫ বছর আগে ‘রুপালি জ্যোৎস্নায়’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন বহুমাত্রিক এই প্রতিভা। অনেকদিন পর দেশে ফিরে বিরতি কাটিয়ে আবারও যুক্ত হন নির্মাণে। তবে কোনো সিনেমা নয়, এবার তিনি পরিচালনা করেন নতুন একটি ধারাবাহিক নাটকের। নাম ‘ধূসর প্রজাপতি’। ইতিমধ্যেই গত রবিবার থেকে বিটিভিতে প্রচার শুরু হয়েছে তৌকীর আহমেদের নতুন ধারাবাহিক নাটকটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, শ্যামল মাওলা, আইশা খান, মীর রাব্বি, তানজিকা আমিন, সাবিনা আজাদ, তনুশ্রী দত্ত প্রমুখ। পরিচালনার পাশাপাশি নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তৌকীর।
জীবনের সম্পর্কগুলোর জটিল সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে ২৬ পর্বের ধারাবাহিক ‘ধূসর প্রজাপতি’। নাটকটি নিয়ে তৌকীর আহমেদ বলেন, ‘মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র তিনটি মাধ্যমেই আমি বিচরণ করি। স্কেল ইমপ্যাক্ট বা আয়োজন বিচারে প্রতিটি মাধ্যম ভিন্ন। সেই ভিন্নতা মাথায় রেখেই আমি কাজ করি। আমাদের সমাজ এবং সমাজের মানুষের মনস্তত্ত্ব নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকটি।’
তৌকীর আহমেদ বলেন, ‘৫ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনা করলাম। অভিনয়েও দেখা যাবে আমাকে। ভালো গল্পের একটি নাটক। সবাই ভালো অভিনয় করেছেন। এখন দর্শকের দেখার পালা। তাদের ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক।’
নাটকের গল্প ও অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে তৌকীর বলেন, সব সময় চেষ্টা করি ভালো অভিনয়শিল্পী নিয়ে কাজ করার। গুণী শিল্পীদের নিয়ে কাজ করলে নির্ভার থাকা যায়। আর তাদের সঙ্গে এ প্রজন্মের কয়েকজন মেধাবী শিল্পী নিয়েছি। এ সময়ের শিল্পীদের জন্য এটা একটা সুযোগ বলা যায়। গুণী শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শিখতে পারবে তারা। তা ছাড়া এমনিতেও ওরা ভালো কাজ করছে, সে জন্যই নেওয়া। আর শুটিংয়ের ক্ষেত্রেও প্রত্যেকের দারুণ সহযোগিতা পেয়েছি। এ জন্য মাত্র তিন মাসের মধ্যেই ২৬ পর্বের একটা ধারাবাহিক সম্পন্ন করতে পারলাম। আরেকটা কথা বলে রাখি, এ নাটকে সিনিয়র যে অভিনয়শিল্পীরা আছেন, তারা স্রেফ বাবা-মায়ের চরিত্রে না; অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের চরিত্র।
কিছুদিন আগে শোনা যাচ্ছিল নতুন একটি সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন তৌকীর আহমেদ; যেখানে নায়ক থাকবেন শাকিব খান। নাম ঠিক না হওয়া এই চলচ্চিত্রের কাজ আগামী মাসেই শুরু হওয়ার কথা। এটি পরিচালনা করবেন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। কিন্তু সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাতে পারছেন না তৌকীর আহমেদ। তিনি বলেন, এখনো চূড়ান্ত নয় কোনো কিছু। চলতি মাসে আবার যুক্তরাষ্ট্রে যাব। ফিরব মাস দুয়েক পর তখন হয়তো কাজ করা যেতে পারে।
চীন-ভারতের পুনরায় সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত
নেত্রকোনায় সড়কের পাশ থেকে মিলল অটোরিকশা চালকের গলা কাটা লাশ
ডাকসু নির্বাচন: প্রধান নির্বাচন কমিশনারের ব্রিফিং
জনশুনানি চলাকালীন যুবকের চড়ে আহত দিল্লির মুখ্যমন্ত্রী