ভারতে অবৈধ ভাবে বসবাসরত ১১ বাংলাদেশিকে আটকের পরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার ১১টায় ভারতের সীমান্তের ৫৯ বিএসএফ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। ফেরত আসা ১১ বাংলাদেশির মধ্যে ৮ জন পুরুষ, ২ নারী ও একজন শিশু রয়েছে।
বিজিবি জানায়, আটক ১১ জন অবৈধ ভাবে ভারতে বসবাস করছিলেন। তারা অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হয়। পরে বিএসএফ ৫৯ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্প কমান্ডার বিজিবিকে আটকদের নাম, ঠিকানা ও মোবাইল ফোন নম্বর সরবরাহ করে। বিজিবি সেসব তথ্য যাচাই বাছাই শেষে আটক ১১ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়।
এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৫৩/এমপি সংলগ্ন শূন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, বিএসএফের হাতে আটক ১১ বাংলাদেশিকে গ্রহণ করার পর বিজিবি তাদের পুলিশে সোপর্দ করেছে। আটকদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।