চট্টগ্রামের পটিয়ায় মাদক সেবনকালে সাবেক এক কাউন্সিলরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌরসভার ৮ নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, পটিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের মৃত আল আমিন চৌধুরীর পুত্র সাবেক কাউন্সিলর আল মনছুর চৌধুরী প্রকাশ জুয়েল (৪৪) এবং উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার মৃত খুইল্লা মিয়ার পুত্র আশরাফুল ইসলাম ছোটন (৩২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে মাদক সেবনের সরঞ্জামসহ সাবেক কাউন্সিলর ও তার সহযোগীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক সেবনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়। তাদের মধ্যে জুয়েলকে ১৫ দিনের জেল, দেড় হাজার টাকা জরিমানা এবং ছোটনকে ৭ দিনের জেল, এক হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।