তায়িম হত্যা: সাবেক এসআই সাজ্জাদের জামিন স্থগিত

জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থী ইমাম হাসান তায়িম (১৯) হত্যা মামলার আসামি যাত্রাবাড়ি থানার সাবেক এসআই মো. সাজ্জাদউজ্জামানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। পাশাপাশি তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। গত ২০ মে তায়িম হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান সাজ্জাদ। পরে এ জামিনের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘সাজ্জাদের জামিন স্থগিত করে তাকে তাৎক্ষণিক সারেন্ডারের আদেশ দিয়েছেন চেম্বার আদালত।’ 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই যাত্রাবাড়ি এলাকায় ফুটওভার ব্রিজের নিচে গুলিবিদ্ধ হন ইমাম হাসান তায়িম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি নারায়ণগঞ্জের একটি সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

তায়িম রাজারবাগ পুলিশ লাইনসের জ্যেষ্ঠ উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে।