বরিশালের গৌরনদীতে আশোকাঠী ধামুরা খালে গোসল করতে নেমে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর উম্মে বিথী নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকায় পালরদী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সংলগ্ন খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ্ আলম শিকদারের মেয়ে এক সন্তানের জননী উম্মে বিথী পোড়কা ও হিজাব পরা অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে বাড়ির পাশে পালরদী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সংলগ্ন খালে গোসল করতে নেমে ডুবে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবরি দল তল্লাশি চালায়। দীর্ঘ চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলের প্রায় ১০০ গজ দূরে খালের তলদেশ থেকে বিথীর মরদেহ উদ্ধার করা হয়।