ভারতীয় বাংলা টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এর গ্র্যান্ড ফিনালের দিকে অধীর আগ্রহে চেয়ে থাকেন দর্শক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। খুব শিগগিরই এই শোর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এই গ্র্যান্ড ফিনালের মঞ্চে আবারও একফ্রেমে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়কে। শুধু তাই নয়, একসঙ্গে গানের তালে পা মেলাতেও দেখা যাবে তাদের।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, 'ডান্স বাংলা ডান্স'-এর গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে আসছেন দেবশ্রী ও টোটা রায়চৌধুরী। তাই স্বাভাবিকভাবেই মঞ্চে তাদের পারফর্ম করতে দেখবেন দর্শক। একসময় এই জুটি টলিউডে রাজত্ব করত। তাদের একসঙ্গে আবারো দেখে দর্শক নস্টালজিয়ায় ভাসবেন, এমনটাই আশা করা হচ্ছে। ইতোমধ্যেই রিয়েলিটি শো-এর গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে মিঠুন-দেবশ্রীর নাচের এক ঝলক দেখেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।